নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৩ জানুয়ারি ২০২২ঃ
আজ, বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পুরুলিয়া জেলায় মোট করোনা অ্যাক্টিভ ১৩২৪। জানা গিয়েছে গতকাল বুধবার নতুন করে জেলাতে আক্রান্ত ২৫৬। তবে আশার আলো এই যে, একইসঙ্গে সমান তালে পাল্লা দিয়ে সুস্থ হচ্ছেন রোগীরা। গতকাল একদিনে কোভিড চিকিৎসাধীন ২৫১ জনকে সুস্থ করে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সুস্থতার হার জেলাতে ৯৩.১৫ শতাংশ বলে রিপোর্টে উল্লেখ। যে ১৩২৪ জন করোনা আক্রান্ত রয়েছেন জেলাতে, তাঁদের মধ্যে ১৮ বছরের নিচে রয়েছে ১০৮ জন, ১৮ থেকে ৪৪ বছর বয়স্কদের মধ্যে ৮১৫ জন, ৪৫ থেকে ৫৯ বছরের মধ্যে রয়েছেন ২৮৫ জন এবং ৬০ ও ততোধিক বছরের কোভিড পজিটিভ রয়েছেন ১১৬ জন। বিগত কয়েকদিনের রিপোর্টের ভিত্তিতে জেলাতে নাবালক (১৮ বছরের নিচে) এবং সিনিয়র সিটিজেন (ষাটোর্ধ)-দের ক্ষেত্রে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী বলে জানা গিয়েছে। যা জেলা প্রশাসনকে রীতিমত আশ্বস্ত করেছে। প্রশাসনের এক সূত্রের দাবি, জেলাজুড়ে যথাযথ কোভিড বিধি লাগু হওয়ার কারণেই এই সাফল্য এসেছে। জেলার মধ্যে পুরুলিয়া পৌর এলাকাতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। বুধবার পর্যন্ত অ্যাক্টিভ কেস ৩৭১। এছাড়া জেলার বাকি অংশে সর্বত্রই আক্রান্তের সংখ্যা ১০০-র নিচে বলে জানা গিয়েছে। এমনকি জেলাতে দৈনিক সংক্রমণের সংখ্যার গ্রাফও বিগত দু-তিনদিনে নিম্নমুখী বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। বুধবার জেলায় মোট ১০৪৫ নমুনা পরীক্ষা (আর টি পি সি আর এবং আর এ টি) করা হয়েছে। যার মধ্যে মাত্র ২৩.৫৪ শতাংশ পজিটিভ বলে স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ।

