নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৩ জানুয়ারি ২০২২ঃ

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পৌষ পার্বন তথা মকরের মেলা উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে জমায়েত রুখতে উদ্যোগ নিল পুরুলিয়া জেলা প্রশাসন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ঝালদার সুবর্নরেখা নদী সংলগ্ন এলাকা সহ বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই মাইকিং করে সচেতনতার প্রচার শুরু হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। একইসঙ্গে পৌষ সংক্রান্তি উপলক্ষে জমায়েত করে মেলা বন্ধের জন্যে আবেদন জানিয়েও মাইকিং করা হচ্ছে। আজ থেকেই চলছে পুলিশি টহলদারী । একই উদ্যোগ নেওয়া হয়েছে জেলা সদরের কংসবতী নদী, বান্দয়ানের কুইলাপাল, রঘুনাথপুর থানার বেড়ো এলাকায় নদী ঘাটের পৌষ মেলার ক্ষেত্রেও। মন খারাপ হলেও জেলা প্রশাসনের নির্দেশকে একপ্রকার মেনে নিয়েই মেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু মেলা কমিটির সদস্যরাও। তবে টুসু উৎসব পালন করতে কাগজ এবং বাঁশের তৈরি চৌডলে “টুসু মণি”-কে সাজিয়ে নিজের বাড়িতে উৎসব মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন মহিলারা। তাই আজ, বৃহস্পতিবার করোনাকে উপেক্ষা করেই ভিড়ে ঠাসা পুরুলিয়া শহরের বাজারে কেনা-বেচা হল বিপুল সংখ্যক রঙ-বেরঙের, হরেক আকারের চৌডল।

.প্রসঙ্গত, পৌষ পার্বন উপলক্ষে টুসু এবং পৌষ মেলা পুরুলিয়া জেলার এক ঐতিহ্যবাহী উৎসব। অন্যান্য বছরগুলিতে লাগামছাড়া ভিড় থাকে জেলার কংসবতী নদী, বান্দয়ানের কুইলাপাল, ঝালদার সুবর্নরেখা নদী, রঘুনাথপুর থানার বেড়ো সহ বিভিন্ন এলাকায়। বসে মেলা। কিন্তু এবছর বাদ সেধেছে করোনা । তাই সংক্রমন রুখতে জেলাজুড়ে সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের পক্ষ থেকে জমায়েত রুখতে এবং কোভিড বিধি মেনে চলার ক্ষেত্রে আগাম সতর্কতা জারি করা হচ্ছে বৃহস্পতিবার থেকেই। পাশাপাশি জেলাশাসক রাহুল মজুমদার এদিন জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে জেলার জন্য কোভিড বিধি-নিষেধ সংক্রান্ত যা যা নির্দেশিকা জারি করা হয়েছে, তা জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ভাবে পালন করা হবে পুরুলিয়ায় ।

শেয়ার করুন

You cannot copy content of this page