নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৯ জানুয়ারি ২০২২ঃ
শেষ পর্যন্ত বিতর্কের অবসান ঘটিয়ে আজ, বুধবার বলরামপুরের জঙ্গলমহল উৎসবে পৌঁছলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে বলরামপুরে শুরু হয়েছে অষ্টম জঙ্গলমহল উৎসব। ওইদিন উৎসবের উদ্বোধন করেন পি ইউ পি মন্ত্রী সন্ধ্যারাণী টুডু। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি বিতর্কের সৃষ্টি করে। সুজয় বাবুর অভিযোগ ছিল, জেলা পরিষদের সভাধিপতি হিসেবে উৎসবের কার্ডেও তাঁর নাম নেই এবং অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণও জানান হয় নি। এদিকে ওইদিনের অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হলধর মাহাত ও মেন্টর অঘোর হেমব্রম উপস্থিত থাকায় বিতর্ক আরো জোর শুরু হয় জেলার রাজনৈতিক মহলে। নিন্দুকেরা বিষয়টি নিয়ে শাসক দলের অন্দরে জেলা নেতৃত্বের পরস্পরের কোন্দল বলে ব্যখ্যা করতে শুরু করে।
তবে আজ, বুধবার শেষ পর্যন্ত সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে বলরামপুরের জঙ্গলমহল উৎসবের মঞ্চে উপস্থিত হলেন সুজয় বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, জঙ্গলমহল উৎসবকে ভালবেসে তিনি এসেছেন। তিনি নিজে জঙ্গলমহলের মানুষকে এবং তাঁদের সংস্কৃতিকে ভালবাসেন। তিনি এদিন বলেন, উৎসবের আয়োজক দপ্তর উদ্বোধনী অনুষ্ঠান ও তারজন্য আমন্ত্রণ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের ডিগনিটিকে মর্যাদা দেয় নি। তাই সোমবারের অনুষ্ঠানে তিনি যোগ দেন নি। কিন্তু বিগত দিনে দীর্ঘ সময় গোটা জঙ্গলমহলজুড়ে যে লড়াই তিনি করেছেন, তা জঙ্গলমহলের মানুষ ও তাঁদের সংস্কৃতিকে ভালবেসেই করেছেন। যা জেলার জঙ্গলমহলের মানুষের কাছেও অজানা নয়। বুধবার বলরামপুরে জঙ্গলমহল উৎসবে সভাধিপতির যোগ দেওয়ায় অবশ্য বিতর্কের কিছুটা অবসান হল বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল।
শেয়ার করুন