নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৭ জানুয়ারি ২০২২ঃ

বিগত বেশ কয়েক মাস যাবৎ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সরকারি কোভিড বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, পঠনপাঠন চালু করা সহ সকল শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যকারিতা চালু করার দাবি উঠছিল। এবার সেই দাবি তুলল সারা বাংলা সেভ এডুকেশন কমিটিও। আজ, বৃহস্পতিবার কমিটির পুরুলিয়ার সদস্যরা কোভিড বিধি মেনে বিদ্যালয়, মহাবিদ‍্যালয় ও বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও স্বাভাবিক পঠনপাঠন চালু করার দাবি জানিয়ে জেলা শাসক দপ্তরের সামনে ধর্ণা প্রদর্শন করেন এবং দাবি সনদও পেশ করেন। কমিটির পক্ষে রাজ্য সম্পাদক তথা অধ্যাপক তরুণ কান্তি নস্কর বলেন, দীর্ঘ দুবছর যাবৎ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পঠনপাঠন ও শিক্ষা পরিস্থিতি চরম দুর্বিপাকে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজ্যজুড়ে শিশু শ্রমিক ও বাল্য বিবাহের সংখ্যা ভীষণ মাত্রায় বাড়ছে বলে অভিযোগ কমিটির। এমনকি পড়ুয়াদের মধ্যে ক্রমাগত মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা উর্ধমুখী হওয়ার জন্য তাদের মানসিক ও সাংস্কৃতিক পরিস্থিতির উপর ভীষণভাবে নেতিবাচক প্রভাব পড়ছে। সুতরাং কোভিড বিধি মেনে অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে ক্লাসরুম শিক্ষা পুনরায় চালু করা হোক। এদিন এই দাবি জানিয়ে সারা বাংলা সেভ এডুকেশন কমিটি জেলা ডি আই-এর মাধ্যমে রাজ্য শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে একটি দাবিসনদ পেশ করে। এদিন বেশ কিছু বিদ্যালয়ের পড়ুয়ারাও জেলা শাসক দপ্তরে ধর্ণায় সামিল হয়েছিল। কমিটির রাজ্য সম্পাদক তরুণ কান্তি নস্কর বলেন, এদিন রাজ্য জুড়েই এই ধর্ণা কর্মসুচি নেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁর বক্তব্য, কমিটির পক্ষ থেকে “পাড়ায় শিক্ষালয়” জাতীয় প্রহশনেরও তীব্র বিরোধিতা করে তা বাতিল করার দাবিও এদিন জানানো হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page