নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৯ ফেব্রুয়ারি ২০২২ঃ
মনোনয়ন পত্র জমা করার আজই শেষ দিন। জেলা প্রশাসনিক দপ্তরে তাই নিরাপত্তা বাহিনী, পুলিশ ও রাজনৈতিক নেতা-নেত্রী-কর্মীদের বিরুল সমাগম। এরই মাঝে আজ পুরুলিয়া পৌরসভার অধিকাংশ হেভিওয়েট প্রার্থীরা নিজেদের মনোনয়ন পত্র জমা করলেন। আসন্ন পৌর নির্বাচনে পুরুলিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে এবার রাজনৈতিক মহলের পাখির চোখ। এই ওয়ার্ডে এবার মুখোমুখি লড়াইয়ে দুই হেভিওয়েট। পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় একদিকে বিজেপি প্রার্থী। বিপরীতে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা তথা পুরুলিয়া পৌরসভার বিদায়ী প্রশাসক নবেন্দু মাহালি। এদিন দুজনেই নিজেদের মনোনয়ন পত্র জমা করলেন। মনোনয়ন জমা করে বিজেপির বিধায়ককে খোলা চ্যালেঞ্জ দিলেন তৃণমূল প্রার্থী নবেন্দু মাহালি। ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল অবশ্যই জিতছে, এই দাবি করে নবেন্দু বাবু সরাসরি বলেন, সুদীপ মুখোপাধ্যায়কে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। একইসঙ্গে তিনি আরো বলেন, বিধায়ক মহাশয় জোর দিয়ে বলুন, হেরে গেলে উনি কি বিধায়ক পদ ছেড়ে দেবেন? যদিও এর কোন সরাসরি উত্তর না দিয়ে পুরুলিয়ার বিধায়ক তথা ১৬ নম্বর ওয়ার্ডের বিদেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় বলেন, উনি তো আগে কখনই ভোটে জিতেছেন বলে জানা নেই। একইসঙ্গে সুদীপ বাবু এই ওয়ার্ডে সবচেয়ে অধীক মার্জিনে তৃণমূলকে হারানোর দাবি করেন এদিন।
শেয়ার করুন