নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৯ ফেব্রুয়ারি ২০২২ঃ
পুরুলিয়া পৌরসভার ৩ বম্বর ওয়ার্ডে তৃণমূলের জয় নিশ্চিত। আজ, বুধবার নিজের মনোনয়ন পত্র জমা করার পর এভাবেই বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনয় কবিরাজ। বিগত দশ বছরের প্রথম পাঁচ বছর ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর ছিলেন সুনয় কবিরাজ। পরের পাঁচ বছরে এই ওয়ার্ডটি মহিলাদের জন্য সংরক্ষিত হয়। সেবার দলের টিকিট না পেয়ে সুনয় কবিরাজের স্ত্রী রুম্পা কবিরাজ নির্দল প্রার্থী হিসেবে ভোটে জিতে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন। পরে আবার তিনি ও সুনয় কবিরাজ নিজের পুরনো দল তৃণমূলে যোগদান করেন। বুধবার মনোনয়ন পত্র জমা করার পর ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনয় কবিরাজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি জানিয়ে দেন, “তাঁর ওয়ার্ডে (৩ নম্বর) তৃণমূলের জয় নিশ্চিত”। কিসের জোরে এতটা জোর দিয়ে বলছেন, এর উত্তরে তাঁর পরিস্কার জবাব, “বিগত দশটা বছর এলাকার প্রতিটি মানুষের পাশে থেকে তাঁদের যেকোনো সমস্যার সমাধান করেছি এবং পরিষেবা দিয়েছি।” তাছাড়াও তৃণমূল কংগ্রেস সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল সংখ্যক জনমুখী প্রকল্পের জন্য আপামর পৌর নাগরিকরা উপকৃত, তাতে তৃণমূল যে জিতছেই এবিষয়ে কোন সন্দেহ নেই বলে জানিয়ে দিয়েছেন সুনয় কবিরাজ।
শেয়ার করুন