নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৯ ফেব্রুয়ারি ২০২২ঃ

আজ, বুধবারই ছিল আসন্ন পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন বিকেল ৩ টে নাগাদ জানা যায় শেষ পর্যন্ত পুরুলিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে জাতীয় কংগ্রেস তাদের প্রার্থী দিতে পারেনি। যদিও দলীয় নেতৃত্ব প্রার্থী দিতে না পারার বিষয়টি মানছেন না। দলের প্রদেশ কমিটির সদস্য তথা পৌর নির্বাচন কংগ্রেসের নির্বাচন কমিটির অবজারভার সোমেশ্বর লাল সিংদেও-র বক্তব্য, পুরুলিয়া পৌরসভার ২৩ টি ওয়ার্ডেরই কংগ্রেসের প্রার্থীরা সমস্ত নথিপত্র সহ তৈরি ছিলেন। ২২ টি ওয়ার্ডের প্রার্থীরা নিজেদের মনোনয়ন যথাযথ ভাবে জমা দিয়েছেন। ১১নম্বর ওয়ার্ডের প্রার্থীও মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য তৈরি ছিলেন। কিন্তু ১১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে কিছু মানুষ অগণতান্ত্রিক ভাবে আটকে দেয় এবং মনোনয়ন পত্র জমা করতে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেন সোমেশ্বর বাবু। ফলে তিনি মনোনয়ন জমা করতে পারেন নি। কে ছিলেন ১১ নম্বরের কংগ্রেস প্রার্থী, তা দলের পক্ষে জানা যায় নি। সোমেশ্বর বাবুর বক্তব্য, এই ধরনের ঘটনা গণতন্ত্রের পক্ষে লজ্জা এবং নিন্দনীয়। তিনি আরো বলেন, এতত সত্ত্বেও জাতীয় কংগ্রেস পুরুলিয়ার জনমানসের হৃদয়ে রয়েছে। তাই আসন্ন পৌর নির্বাচনেও জেলার তিনটি পৌরসভাতেই জয়ী হয়ে বোর্ড গঠন করবে বলে এদিন দাবি করেন সোমেশ্বর লাল সিংদেও। এদিন জেলার মানুষকে দলের পক্ষে তিনি গৈরিক অভিনন্দনও জানান।

শেয়ার করুন

You cannot copy content of this page