নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১০ ফেব্রুয়ারি ২০২২ঃ
বুধবারদিন বলরামপুর থানার রুচাপ গ্রামে সরস্বতী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে গতকাল (বুধবার) রাত্রে সরস্বতী বিসর্জনের সময় দুই পক্ষের কথা কাটাকাটি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একটু পরেই পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছতে হয় বলরামপুর থানার পুলিশকে। জানা গিয়েছে, পরিস্থিতি সামলাতে যাওয়া পুলিশ বাহিনীর সঙ্গেও বচসা ও কথা কাটাকাটি চলতে থাকে। এমনকি একদল পুলিশের উপরও চড়াও হয় বলে অভিযোগ। অভিযোগ, এমনকি উন্মত্ অবস্থায় পুলিশের দিকে ইট পাথর ছোঁড়াও হয়। জানা গিয়েছে ঘটনায় বলরামপুর থানার দুজন কনস্টেবল সহ তিনজন পুলিশ আধিকারিক পাথরের আঘাতে জখম হন। আহত পুলিশ কর্মীদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বলরামপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে।
