নিজস্ব সংবাদদাতা, কাশীপুর, ২২ ফেব্রুয়ারি ২০২২ঃ
আসন্ন মাধ্যমিক পরীক্ষায় তালাজুড়ি শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র কাশীপুর পঞ্চকোট রাজ উচ্চ বিদ্যালয়ের পরিবর্তে রাঙামাটি-রঞ্জনডি অঞ্চলের মালঞ্চা হাইস্কুলের নির্ধারিত হয়েছে। তালাজুড়ি থেকে মালঞ্চা হাইস্কুল পর্যন্ত নিয়মিত সুষ্ঠ যোগাযোগ ব্যবস্থা নেই। ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের চরম অসুবিধায় পড়তে হবে। সুতরাং পরীক্ষার্থীদের স্বার্থে পরীক্ষা কেন্দ্র পঞ্চকোট রাজ উচ্চ বিদ্যালয়ে স্থানান্তরিত করা হোক, এই দাবিতে আজ তালাজুড়ি বিদ্যালয় কর্তৃপক্ষকে ডেপুটেশন দিল সিপিআইএম-এর কাশীপুর পূর্ব এরিয়া কমিটি। অন্যদিকে শুক্রবার জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের ডি আই-কে এই মর্মে লিখিত আবেদনও জানিয়েছেন পূর্ব এরিয়া কমিটির সম্পাদক শীতল সরকার। প্রসঙ্গত আসন্ন মাধ্যমিক পরীক্ষায় জেলা শিক্ষা দপ্তর তালাজুড়ি শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র কাশীপুর পঞ্চকোট রাজ উচ্চ বিদ্যালয়ের পরিবর্তে রাঙামাটি-রঞ্জনডি অঞ্চলের মালঞ্চা হাইস্কুলে নির্ধারণ করেছে। সিপিআইএম-এর কাশীপুর উত্তর এরিয়া কমিটির সম্পাদক শীতল সরকার ডি আই-কে লেখা তাঁর আবেদন পত্রে এদিন উল্লেখ করেছেন, তালাজুড়ি থেকে মালঞ্চা হাইস্কুলের দিকে যোগাযোগ ব্যবস্থা সেভাবে উপলব্ধ নয়। যে কারণে পরিস্থিতিতে পড়ে বিদ্যালয়ের পড়ুয়াদের ও অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অতিরিক্ত ব্যয় ভার বহন করেও অগ্রীম গাড়ি ভাড়া করতে হচ্ছে। ফলে বহু অভিভাবকই আর্থিক সংকটে পড়ছেন। তালাজুড়ি শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া ও তাদের অভিভাবকদের এই প্রতিকূল পরিস্থিতি বিচার করে যেন জেলা শিক্ষা দপ্তর পঞ্চকোট রাজ উচ্চ বিদ্যালয়েই পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করে, এই মর্মে লিখিত আবেদন জানিয়ে এদিন ডি আই-কে কমিটির পক্ষে চিঠি দেন সম্পাদক শীতল সরকার।
শেয়ার করুন