নিজস্ব সংবাদদাতা, কাশীপুর, ২২ ফেব্রুয়ারি ২০২২ঃ

অবিলম্বে সমস্ত লোকাল ট্রেন চালু করা সহ একাধিক দাবিতে ইন্দ্রবিল স্টেশনে অবস্থান বিক্ষোভ ও দাবিসনদ পেশ করল সিপিআইএম-এর কাশীপুর পূর্ব এরিয়া কমিটি। এদিন সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত এই বিক্ষোভ অবস্থানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া। এদিনের এই অবস্থানে কালীদহ, গোরাঙডি, বড়রা, মণিহারা সহ বেশ কিছু গ্রামের নাগরিকরাও সামিল হন।

প্রসঙ্গত, বিগত করোনা ও লকডাউন পরিস্থিতিতে শিরমণি সহ বেশ কিছু লোকাল ট্রেন চলাচল বন্ধ করে রেল কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের দাবি, আশপাশের এইসব গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন জীবিকার জন্য ইন্দ্রবিল স্টেশন থেকে শিরমণিসহ সহ লোকাল ট্রেনে দূরদূরান্ত যাতায়াত করেন। কিন্তু আনলক পরিস্থিতিতেও ট্রেনগুলি চালু না হওয়ায় তাঁরা চূড়ান্ত সমস্যার মধ্যে পড়েছেন। ফলে শিরমণি সহ সমস্ত লোকাল ট্রেন অবিলম্বে চালু করা, লোকাল ট্রেনের নাম বদলে মেইল ও এক্সপ্রেস ট্রেনের নামে বর্ধিত ভাড়ায় ট্রেন চালানোর সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা, রেলের সমস্ত শূন্যপদে অবিলম্বে নিয়োগ সহ একাধিক দাবিতে এদিন দাবিসনদ পেশ করা হয়। এরিয়া কমিটির সম্পাদক শীতল সরকার জানিয়েছেন এদিন দলের কাশীপুর পূর্ব এরিয়া কমিটির পক্ষ থেকে ইন্দ্রবিল স্টেশন ম্যানেজারের মাধ্যমে আদ্রা ডিভিশনের ডিআরএম-কে একগুচ্ছ দাবি সনদ পেশ করা হয়েছে। অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন প্রাক্তন বিধায়ক সুরেন্দ্রনাথ মাঝি, দলের জেলা কমিটির সদস্য সোমনাথ দুবে, কৃষকসভার কাশীপুর ব্লক কমিটির সদস্য অরুনোদয় ব্যানার্জী, দলের ব্লকের নেতা গণেশ মাহাতো প্রমুখ।

শেয়ার করুন

You cannot copy content of this page