নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ২৪ ফেব্রুয়ারি ২০২২ঃ

আজ, বৃহস্পতিবার বাঘমুন্ডির রবিডি গ্রামের মৃত যুবক শিকারি মুড়ার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে ১ লক্ষ টাকা তুলে দিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। প্রসঙ্গত, চলতি মাসের ১৬ তারিখ অবৈধ মদ সহ বাঘমুন্ডির রবিডি গ্রামের বাসিন্দা যুবক শিকারি মুড়াকে গ্রেপ্তার করে আবগারি দপ্তর। পরে গত রবিবার অসুস্থ শিকারি মুড়ার চিকিৎসা চলাকালীন পুরুলিয়া সদর হাসপাতালে মৃত্যু হয় ধৃতের। এদিকে ধৃতের মৃত্যু ঘিরে উত্তাল হয়ে ওঠে বাঘমুন্ডি। শিকারি মুড়ার মৃতদেহ গ্রামের রাস্তায় রেখে মঙ্গলবার তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসী সহ স্থানীয় কিছু আদিবাসী সংগঠন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন আবগারি দপ্তরের কর্মীদের অত্যাচারেই শিকারি মুড়ার মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত সহ দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলেন বিক্ষোভরত গ্রামবাসীরা।

আজ, বৃহস্পতিবার মৃত যুবক শিকারি মুড়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত । একইসঙ্গে এদিন বিধায়ক তাঁর তরফ থেকে মৃতের পরিবারের সদস্যদের হাতে ১ লক্ষ টাকা তুলে দিয়ে যে কোন পরিস্থিতিতে পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। বিধায়ক সুশান্ত মাহাত জানিয়েছেন, মৃত যুবক শিকারি মুড়া তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। বর্তমান পরিস্থিতি বিচার করে পরিবারের যে কোন একজন সদস্যের চাকরির বিষয়েও তাঁর পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page