নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৬ ফেব্রুয়ারি ২০২২ঃ
রাত পোহালেই পৌর নির্বাচন। পুরুলিয়া জেলার তিনটি পৌরসভার মোট ৪৮ টি ওয়ার্ডে এবার প্রার্থীর সংখ্যা সর্বমোট ২৩৩ জন। জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর, যার মধ্যে পুরুলিয়া পৌরসভার ২৩ টি ওয়ার্ডে মোট ১১২ জন প্রার্থী বিভিন্ন প্রতীকে লড়াই করছেন।
রঘুনাথপুর পৌরসভার ১৩ টি ওয়ার্ডে লড়াই করছেন ৫৯ জন প্রার্থী এবং ঝালদা পৌরসভার ১২ টি ওয়ার্ডে ভোট যুদ্ধে পরস্পরের সম্মুখ সমরে রয়েছেন মোট ৬২ জন প্রার্থী। জেলা নির্বাচন দপ্তর সূত্রে আরো জানা গিয়েছে আগামীকাল, রবিবার (২৭ ফেব্রুয়ারি ২০২২) প্রায় দেড় লক্ষ নির্বাচক প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করতে চলেছেন। জানা গিয়েছে, জেলার তিনটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা (০১.০১.২০২২ অনুযায়ী) ১ লক্ষ ৪৭ হাজার ১৬ জন। নির্বাচন দপ্তর সূত্রে খবর, পুরুলিয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৬৮ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৪ হাজার ১০২ জন, মহিলা ভোটার ৫৪ হাজার ৯৬৫ জন এবং অন্যান্য ১ জন। রঘুনাথপুর পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২১ হাজার ৯২০ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১০ হাজার ৯২৮ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৯৯২ জন। ঝালদা পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ২৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১০৬ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৯২২ জন।
