নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ৩ মার্চ ২০২২ঃ
দীর্ঘদিন ধরে শূন্য ছিল প্রধান পদ। ফলে ঝালদা-দঁড়দা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। অবশেষে আজ, বৃহস্পতিবার ঝালদা-দঁড়দা গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান গঠন হল কড়া নিরাপত্তার ঘেরাটোপে। নতুন প্রধানের দায়িত্ব নিলেন শিবরাম মাঝি। প্রসঙ্গত উল্লেখ গত বছরের ১৫ নভেম্বর ঝালদা দড়দা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় লায়া শারীরিক অসুস্থতা ও পারিবারিক অসুবিধার কারণ দেখিয়ে প্রধান পদ থেকে ইস্তিফা দেন। ইস্তিফা গৃহীত না হলেও তিনি আর পঞ্চায়েতে আসেন নি। এদিকে পঞ্চায়েতের উন্নয়নমূলক সব ধরনের কাজ বন্ধ হয়ে যায়। কাজ ব্যাহত দেখে ঝালদা ১ নম্বর ব্লকের ভিডিও রাজকুমার বিশ্বাস বৈঠক ডাকেন ৮ ডিসেম্বর। তাতেও উপস্থিত হননি প্রধান বিজয় লায়া। অবশেষে উপপ্রধান শেখ শাহে জামালকে দায়িত্ব দেওয়া হয় পঞ্চায়েত চালানোরট। গত ১৬ ডিসেম্বর দায়িত্ব পান উপপ্রধান শেখ সাহেজামাল। সেই থেকে এই পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম চলে আসছিল উপপ্রধানের দায়িত্বে। ১৮ ফেব্রুয়ারী ছিল নতুন প্রধান গঠনের দিন। গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য ১৩। সভা ডাকতে হলে অন্তত ৫ জন সদস্যের উপস্থিত থাকা প্রয়োজন। এক তৃতীয়াংশ সদস্য উপস্থিত না থাকায় সভা মুলতুবি করা হয় ওইদিন। উল্লেখ্য, প্রধান পদটি তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত। বিজয় লায়া ও শিবরাম মাঝি ছাড়া এই পদের যোগ্য জয়ী সদস্যও আর নেই পঞ্চায়েতে। অবশেষে এদিন শিবরাম মাঝি সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচিত হলেন।
শেয়ার করুন