নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৯ মার্চ ২০২২ঃ

শতবর্ষ প্রাচীন ঝালদা পৌর শহরে পানীয় জলের সমস্যা দীর্ঘ দিনের। এই সমস্যার সমাধানে পৌর নাগরিকদের সুবর্নরেখা জল প্রকল্পের মাধ্যমে পানীয় জল সরবরাহের দাবিও বহুদিনের। বিগত দিনে সুবর্নরেখা জল প্রকল্প বিষয়ে বিভিন্ন সময় নানান রিপোর্ট রাজ্যে জমা হয়েছে বলেও বহুবারই পৌর প্রতিনিধি কিংবা প্রশাসনের পক্ষে দাবিও করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

গোটা বিষযটির গুরুত্ব বিবেচনা করে কবে নাগাদ এই প্রকল্প কার্যকর করা হবে, আজ, বুধবার বিধানসভার চলতি অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রাজ্যের পুর ও  নগরোন্নয়ন মন্ত্রীকে এই প্রশ্ন করলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। সূত্রের খবর, বিধানসভার চলতি অধিবেশনে আজ, বুধবার বিধায়কদের সঙ্গে অতিরিক্ত প্রশ্নোত্তর পর্বে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে ঝালদা পৌর শহরের পানীয় জল সমস্যা সমাধানে সুবর্নরেখা জল প্রকল্পটি কবে নাগাদ কার্যকর করা হবে, এই প্রশ্ন করেন।

সূত্রের খবর, বিধায়কের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ঝালদা পৌর শহরের পানীয় জল সরবরাহের বিষয়টি ইতিমধ্যেই
মন্ত্রকের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রেখে আলোচনা করা হয়েছে। কবে নাগাদ এই প্রকল্পের কাজ কার্যকর করা হবে, তা আগামী সপ্তাহেই পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে বলেও বিধায়ককে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

শেয়ার করুন

You cannot copy content of this page