নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৩০ মার্চ ২০২২ঃ

ডাইনি অপবাদে ঘরছাড়া একটি পরিবার। সেই সঙ্গে পরিবারের সদস্যদের উপর নির্মম শারীরিক ও মানসিক অত্যাচার। ঘটনা খোদ পুরুলিয়া শহরের বুকে খেজুরিয়া ডাঙ্গা এলাকায়। শুধু তাই নয় পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে এবং একই সঙ্গে ওই পরিবারের সম্পূর্ণ নিরাপত্তার দাবিতে আজ পুরুলিয়া শহরের কোর্ট মোড়ে প্রতিবাদ ও সচেতনতামূলক প্রচার অনুষ্ঠান করল সর্বভারতীয় বিজ্ঞান সংগঠন “ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি”র পুরুলিয়া জেলা চ‍্যাপ্টার। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা জীতেন্দ্রনাথ মাহাত জানান, “আজ বিজ্ঞানের যুগেও জেলায় বেড়ে চলেছে ডাইনি অপবাদে অত্যাচারের ঘটনা। যা ভীষণ ভাবে উদ্বেগজনক। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি এই বিষয়ে জেলা জুড়ে নিয়মিত প্রচার চালানো হোক। এবং সেই সঙ্গে যে বা যারা এই কাজের সাথে যুক্ত তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক।”

এই সংগঠনের উদ্যোগেই গত পরশু দিন সোমবার ওই পরিবারের সম্পূর্ণ নিরাপত্তা ও দোষীদের যথাযথ শাস্তির দাবিতে SDO এবং সদর থানার IC কে ডেপুটেশন দেওয়া হয়।
আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির রাজ‍্য কমিটির সহ সভাপতি স্বদেশপ্রিয় মাহাত এবং পুরুলিয়া জেলা কমিটির সহ সম্পাদক সব‍্যসাচী দাস মহাপাত্র সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ। শুধু তাই নয় এই কর্মসূচিতে পথচলতি মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত ।

শেয়ার করুন

You cannot copy content of this page