নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১ এপ্রিল ২০২২ঃ
গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় ১৬ বছর বয়সী এক কিশোরীর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বলরামপুর শহর এলাকায়। ঘটনা বলরামপুর থানার কালীতলা জিজাবাঁধ পাড়া এলাকার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির অদূরে একটি ভাঙ্গা চালা ঘরের মধ্যে গলায় দড়ি বেঁধে আত্মঘাতী হয় ওই কিশোরী। পরিবার ও স্থানীয় লোকজন দেহটি উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা ওই কিশোরীর নাম সত্যভামা কুমার ওরফে ঝুমা। বয়স আনুমানিক ১৬ বছর। এবছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল রাঙ্গাডি শ্রী ভজনাশ্রম হাই স্কুলে। যদিও পরিবারের সদস্যদের দাবি অত্যধিক পরিমাণে মোবাইল ফোন ব্যবহারের কারণে কোন সমস্যাতেই এমনি ঘটনা ঘটেছে। ঘটনার সত্য উদ্ঘাটনে জোর তদন্তে নেমেছে বলরামপুর থানার পুলিশ।
