নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ১১ মে ২০২২:
গ্যাসের চুলা থেকে বাড়িতে আগুন। ঘটনায় ভস্মিভূত বাড়িতে থাকা আসবাবপত্রসহ দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র ও গুরুত্বপূর্ণ নথি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের লাখরা গ্রাম পঞ্চায়েত এলাকার বিশপুরিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বুধবার বিশপুরিয়া গ্রামের হারাধন বাউরির বাড়িতে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে আগুন গ্রাস করে ওই বাড়িটি। খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন সহ দমকল কর্মীরা। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই আস্ত ওই বাড়িটি ভস্মীভূত হয়ে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি বাড়িতে। দমকলকর্মীরা স্থানীয় মানুষদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন ঘন্টা দুয়েকের প্রচেষ্টায়। জানা গেছে, দ্বিতীয় বাড়িটিরও বেশিরভাগ অংশ পুড়ে গেছে। স্থানীয় মানুষজনদের সাথে কথা বলে জানতে পারা যায়, গ্যাসের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুঞ্চা থানার পুলিশ।


