নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, ১৯ মে ২০২২ঃ
নিতুড়িয়ার একটি স্পঞ্জ আইরন কারখানার নর্দমা থেকে এক ভিনরাজ্যের যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। কারখানা কর্তৃপক্ষই বিষয়টি নিতুড়িয়া থানায় জানায়। নিতুড়িয়া থানার পুলিস গিয়ে বুধবার রাতেই মৃতদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্ত হয় পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
পুলিস সূত্রে জানাগিয়েছে, মৃতের নাম শাহিল কুমার(৩০)। তাঁর বাড়ি হিমাচল প্রদেশে। স্থানীয় ও পুলিস সূত্রে জানাগিয়েছে, স্পঞ্জ আয়রন কারখানার নর্দমা থেকে ওই যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। এলাকায় ওই মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ওই কারখানার আধিকারিক মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়কে এবিষয়ে জানতে ফোন করা হলেও তিনি এবিষয়ে কিছু জানাতে চাননি। তবে তাঁর দাবি,ওই যুবক কারখানার শ্রমিক নন।
