নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৫ মে ২০২২ঃ

নিজের ফেসবুক পেজে বিস্ফোরক বক্তব্য রেখেছেন পুরুলিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সামিম দাদ খান। পুরুলিয়া পৌরসভায় এখনও চেয়ারম্যান ইন কাউন্সিল বা সি আই সি-র গঠন হয়নি। আর তা নিয়েই পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল অ্যাক্ট-এর প্রসঙ্গ তুলে সামিম দাদ খানের দাবি, সম্পূর্ণ বেআইনিভাবে বোর্ড চলছে পুরুলিয়া পৌরসভায়। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী যেকোনো পৌরসভায় নতুন বোর্ড গঠন হওয়ার ৩০ দিনের মধ্যেই সিআইসি নির্বাচন করতে হবে। বর্তমানে বোর্ড গঠনের সময় থেকে ৩০ দিনের থেকে অনেক বেশি সময় অতিক্রান্ত। ফলে এখন সি আই সি নির্বাচন করতে হলে পুরুলিয়া পৌর প্রশাসনকে রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে।

এমনকি নির্ধারিত ৩০ দিনের মধ্যে কেন সি আই সি নির্বাচন হয়নি, তার উপযুক্ত ও যুক্তি সঙ্গত কারনও রাজ্য সরকারকে জানাতে বাধ্য পুরুলিয়া পৌরসভা। দাবি সামিম দাদ খানের। তিনি আরো বলেন, রাজ্যের অনুমতি ছাড়া সি আই সি-র নির্বাচন হলে নির্বাচিত সি আই সি-ও বিপদে পড়বেন। সেরকম হলে তা সম্পূর্ণ বেআইনি। আদালতে মামলাও হতে পারে। একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি নিজের সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে তাই সমস্ত কাউন্সিলরদের আগেই আইনি বিষয়গুলিতে সাবধান করে দিয়েছি, বক্তব্য প্রাক্তন চেয়ারম্যানের। নিজের বক্তব্যের সমর্থনে ফেসবুক পেজে পশ্চিমবঙ্গ পৌর আইনের সংশ্লিষ্ট ধারাগুলির পৃষ্ঠার ছবিও পোস্ট করেছেন তিনি। সামিম বাবুর বক্তব্য, পুরুলিয়া পৌরসভা গ্রেড-সি তে পড়ে। এখন দরকার তিনজন সি আই সি-র। ১৭ জন কাউন্সিলর নিয়ে এতদিনেও তিনজন সি আই সি নির্বাচন করা গেল না। অথচ একগুচ্ছ অভিজ্ঞ ও বেশ কয়েকবারের জেতা কাউন্সিলরও রয়েছেন। এটাতো দল এবং বর্তমান বোর্ডের চরম ব্যর্থতা। তাঁর দাবি, এই ঘটনাই প্রমাণ করছে দলের মধ্যে এবং পৌরসভায় কতটা গোষ্ঠী বাজি চলছে।

শেয়ার করুন

You cannot copy content of this page