নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৭ মে ২০২২ঃ

শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে এবং অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী পদে বহালের দাবিতে পুরুলিয়া শহরে আজ প্রতিবাদ মিছিল করল ফরওয়ার্ড ব্লকের ছাত্র ও যুব সংগঠন। দলের জেলা কমিটির ডাকে ছাত্র ব্লক ও যুব লিগের পক্ষে এদিন জেলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থানও করেন এই দুই সংগঠনের কর্মী-সমর্থকেরা। বিক্ষোভকারীদের পক্ষে এদিন মূলত দাবি করা হয়েছে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত নেতা-মন্ত্রীদের শাস্তি এবং যোগ্য ও বঞ্চিতদের পক্ষে ন্যায় বিচারের। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক, ইন্টার্নশিপ বা পুনর্নিয়োগের এদিন তীব্র বিরোধিতা করেন সংগঠনের সদস্যরা। তাঁরা দাবি করেন অবিলম্বে শূন্যপদে মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জেলা ভিত্তিক প্যানেল অবিলম্বে চালু করতে হবে। বিক্ষোভ অবস্থানে এদিন বক্তব্য রাখেন যুব লিগের রাজ্য কমিটির সভাপতি দেবরঞ্জন মাহাতো, জেলা সম্পাদক ধনঞ্জয় মাহাতো এবং ছাত্র ব্লক-এর জেলা সম্পাদক সৌরভ ভট্টাচার্য, চন্দন চ্যাটার্জি, মনোজ মাহাথা, মুকেশ দাস সহ ছাত্র ও যুবর নেতৃবৃন্দ।

শেয়ার করুন

You cannot copy content of this page