নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৮ মে ২০২২ঃ
রাজ্যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ করল বামপন্থীরা। এদিন সিপিআইএম-এর ডাকে ১৫ টি বাম সংগঠন বিকেল তিনটে থেকে ৩ ঘন্টার পুরুলিয়া মহকুমার অবস্থান বিক্ষোভে সামিল হয়।
মূলত রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের মদতে শিক্ষা ক্ষেত্রে নজিরবিহীন দুর্নীতি চলছে, এই অভিযোগে অবস্থান মঞ্চ থেকে সরব হন বাম বক্তারা। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে জড়িত নেতা-মন্ত্রী সহ সমস্ত ব্যক্তির শাস্তির জোরালো দাবি তোলেন তাঁরা। অন্যদিকে দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন বামপন্থী বক্তারা গর্জে ওঠেন। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ বিভিন্ন পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে দৈনন্দিন জীবনে গরীব ও সাধারণ খেটে খাওয়া মানুষের দুর্ভোগের প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন বক্তারা। এমনকি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর গণবন্টন ব্যবস্থা ভেঙে পড়েছে অভিযোগ তুলে এদিন মঞ্চ থেকে দুই সরকারকেই তুলোধুনো করা হয়েছে। অবিলম্বে রেশনের মাধ্যমে চাল, ডাল, তেল সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সুচারু গণবন্টন চালু করার দাবিও জানান তাঁরা।


