নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া  জুন ২০২২ঃ

পুকুর ভরাট করে বাড়ি তৈরীর অভিযোগ উঠল পুরুলিয়া পৌরসভা এলাকায়। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে পুরুলিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নডিহা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দ্বারা ব্যবহৃত বিবির বাঁধ লেনের এই যপুকুরটি ভরাট করে বাড়ি তৈরি করছেন সংলগ্ন জমির মালিক এক ব্যক্তি। জমির মালিক স্থানীয় বাসিন্দাদের এই নিষেধে কান না দেওয়ায় এদিন সকাল থেকে এলাকার বাসিন্দারা একজোট হয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুরুলিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর মৌসুমী ঘোষ, পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালি এবং পুরুলিয়া সদর থানার পুলিশ। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় ওই বাড়ি নির্মাণের কাজ। যদিও অভিযোগ অস্বীকার করে বাড়ি নির্মাতা শুভাশিস কুমার জানান, ‘এটা জলা জমি নয়। তাঁর কাছে সব রকম কাগজপত্র রয়েছে।’ ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী ঘোষ জানান, “সরকারি নিয়ম অনুযায়ী জলাশয় ভরাট করে বাড়ি নির্মাণের কাজ করা যাবে না । তাই এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে ।” এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি জানান, এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে বাড়ি নির্মাণের কাজ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর জমির রেকর্ড দেখে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page