নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ২ জুন ২০২২ঃ

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লক্ষীর ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল বাঘমুন্ডি ব্লকের তুনতুড়ি-সুইসা এলাকায়। অভিযোগের তীর স্থানীয় ব্যাঙ্ক মিত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল, বুধবার।

সুইসা রেল স্টেশন সংলগ্ন এলাকার ওই একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে স্থানীয় তিরুলডি গ্রামের বাসিন্দা দুঃস্থ দিন মজুর পরিবারের সদস্য তারা কর্মকারের। তাঁর বক্তব্য, ছেলে অসুস্থ থাকায় বুধবার তিনি তাঁর স্বামীকে অ্যাকাউন্টটিতে টাকা পাঠাতে বলেন। স্বামী ১ হাজার টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। এদিকে বুধবারই ওই অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডারের ৫০০/- টাকাও ঢোকে বলে তারা কর্মকারের দাবি। তাঁর আরো দাবি, সকালে ওই ব্যাঙ্কের ব্যাঙ্ক মিত্রের কাছে টাকা তুলতে গেলে ব্যাঙ্ক মিত্র বলেন অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গিয়েছে, কে ও আই সি দিতে হবে। তার জন্য একটি ফর্মে তাঁর টিপছাপ নেয় এবং আধার ও ভোটার কার্ড দিতে হবে বলে দাবি তারা কর্মকারের। এরপরই তিলকডি মোড়ের একটি অনলাইন সেন্টার থেকে তিনি জানতে পারেন তাঁর অ্যাকাউন্টটি বন্ধ হয়নি। তারা কর্মকারের দাবি ওই অনলাইন সেন্টার থেকে তিনি এও জানতে পারেন যে ওইদিন সকালেই তাঁর এই অ্যাকাউন্টটি থেকেই ৫০০/- টাকা তোলা হয়েছে। কিন্তু তিনি কোন টাকা তোলেন নি বলেও দাবি ওই গৃহবধূর। দাবি, এরপরই ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গিয়ে তিনি আরো জানতে পারেন যে, ব্যাঙ্ক মিত্রের অ্যাকাউন্টে ৫০০/- টাকা ট্রান্সফার হয়েছে। অভিযোগ ফর্মে টিপছাপ নিয়ে ব্যাঙ্ক মিত্র লক্ষীর ভান্ডারের ৫০০/- তুলে নেয়।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার হিমপিটি টিগা এবং ব্যাঙ্ক মিত্র অক্ষয় সিং। তাঁদের দাবি, সার্ভারের গন্ডগোলের জেরেই এরকম ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

You cannot copy content of this page