নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৩ জুন ২০২২ঃ
এবছর মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করল পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অভ্র চ্যাটার্জি। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী অভ্র পুরুলিয়া জেলায় যুগ্ম ভাবে প্রথম। অভ্রর বাড়ি তারকেশ্বরে। আজ বাড়ি থেকে ফোনে অভ্র জানায় বড় হয়ে চিকিৎসক হতে চায় সে। আরো জানায়, তার এই সাফল্যের আসল কৃতিত্ব পুরুলিয়া বিদ্যাপীঠ ও সেখানকার শিক্ষক মহাশয়দের। বিগত দু’বছর করোনা পরিস্থিতির সময়ও অনলাইনে যথারীতি পুরো ক্লাস করিয়েছেন শিক্ষক মহাশয়রা, বক্তব্য অভ্রর।
অন্যদিকে ওই একই (৬৮৬) নম্বর পেয়েছে রঘুনাথপুর গার্লস হাইস্কুলের ছাত্রী সুরভী চট্টোপাধ্যায়ও। সুরভীও বড় হয়ে ডাক্তার হতে চায়। সুরভীর মা রঘুনাথপুর গার্লস হাইস্কুলেরই ইংরেজি বিষয়ের শিক্ষকা। বাবাও ইংরেজি বিষয়ের শিক্ষক। এখনও পর্যন্ত জানা গিয়েছে, সুরভী ও অভ্র জেলাতে যুগ্ম ভাবে প্রথম এবং রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে।


