নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৩ জুন ২০২২ঃ
পুরুলিয়া জেলা স্বাস্থ্য ভবনে অগ্নিকান্ড। আর যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল স্বাস্থ্য ভবনের কর্মীদের মধ্যে। আজ দুপুর প্রায় ১২:৪০ টা নাগাদ আগুন লাগে পুরুলিয়ার রাঁচি রোড স্থিত জেলা স্বাস্থ্য ভবনের বৈদ্যুতিক মিটারে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্বাস্থ্য ভবনের ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রাথমিকভাবে অগ্নি নির্বাপন যন্ত্রের মাধ্যমে আগুন কিছুটা নিয়ন্ত্রণেও নিয়ে আসা হয়। ঘটনায় দপ্তরের কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লে কর্মীদের মধ্যে হুড়োহুড়ি করে ভেতর থেকে বেরিয়ে আসার তোড়জোড় পড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে উপস্থিত হন ঘটনাস্থলে। অল্প কিছুক্ষণের চেষ্টাতেই অবশ্য আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। জানা গিয়েছে আগুন বড়সড় আকার ধারণ না করায় ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি। তবে ঘটনার আকস্মিকতায় রীতিমত হুড়োহুড়ি পড়ে যায়। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান।



