নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৩ জুন ২০২২ঃ

পৌর এলাকার স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এবার বিজ্ঞপ্তি জারি করল পুরুলিয়া পৌরসভা। পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি আজ নাগরিকদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি জারি করে জানান, পৌর এলাকার এইসমস্ত নির্দেশিকার উল্লঙ্ঘনে পৌর আইন মোতাবেক জরিমানা এমনকি আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে এদিন উল্লেখ করা হয়েছে, শহর এলাকায় যাঁরা পৌরসভার নর্দমার উপর দোকান করেছেন বা ব্যক্তিগত স্বার্থে নর্দমা ঢাকা রেখে ব্যবহার করছেন, আগামী ৭ দিনের মধ্যে তাঁদের সেসমস্ত তুলে নর্দমা খালি করতে হবে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ আইন মোতাবেক ৭৫ মাইক্রোনের নীচের সমস্ত ক্যারিব্যাগ, থার্মাকলের থালা, বাটি বা ওই ধরনের প্লাস্টিক জাতীয় দ্রব্যের কেনা-বেচা বা ব্যবহার বন্ধ করার নির্দেশও পৌর নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে এদিনের বিজ্ঞপ্তিতে। উল্লেখ করা হয়েছে, এই নির্দেশের উল্লঙ্ঘনে ক্ষেত্র বিশেষে ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করবে পৌরসভা। পৌর এলাকায় বাড়ির সামনে নির্মাণ সামগ্রী কিংবা রাবিস ফেলে রাস্তা বা রাস্তার পাশের নর্দমা আবদ্ধ করে রাখা যাবে না। তেমন ঘটলে পৌর আইন মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের কথা উল্লেখ করা হয়েছে নোটিশে। এমনকি পৌর এলাকার ফলের ঠেলা, ফল ব্যবসায়ী, খাবার দোকান, হোটেল প্রভৃতি কারবারিদের ক্ষেত্রে ফল বা খাবারের আবর্জনা যত্রতত্র ফেলা সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে নির্দেশিকায়। সংশ্লিষ্ট এলাকায় পৌরসভার নির্দিষ্ট ডাস্টবিনেই আবর্জনা ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। আদেশ উল্লঙ্ঘন করলে পৌরসভা কর্তৃক আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, জনস্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

শেয়ার করুন

You cannot copy content of this page