নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৩ জুন ২০২২ঃ
আগামী ১১ জুন বলরামপুরের সরাই ময়দানে বিজেপির জনসভায় উপস্থিত থাকবেন কেন্দ্রের মন্ত্রী স্মৃতি ইরানী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার পুরুলিয়া শহরের নিমটাঁড় স্থিত দলের জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে একথা জানান বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা।
এবছর কেন্দ্রের বিজেপি সরকারের ৮ম বর্ষ পূর্তি। যে কারণে সারা দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে বিজেপির। এদিন বিবেক বাবু দলের জেলা কার্যালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, জনসংযোগ গড়ে তুলতে দলের ৮ম বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি জেলাজুড়েও পালন করা হবে। এই ৮ বছরে কেন্দ্রের বিজেপি সরকার গরীব কল্যাণমূলক যেসমস্ত প্রকল্প গ্রহণ করেছে, কিভাবে দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির হাত ধরে উন্নয়নের পথে এগোচ্ছে এবং কিভাবে আমাদের দেশ বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসেবে গড়ে উঠছে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এইসব বিষয়গুলি জেলার মানুষের সামনে তুলে ধরা হবে। এই উপলক্ষে চলতি মাসের ১১ তারিখ বিকেল ৪ (চার) টায় বলরামপুর সরাই ময়দানে একটি জনসভাও করবে জেলা বিজেপি। বিবেক রাঙ্গা এদিন জানান, ওই জনসভায় জেলার মানুষকে সম্বোধন করবেন কেন্দ্রের মন্ত্রী স্মৃতি ইরানী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ দলের জেলা নেতৃত্ব।.
