নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, মঙ্গলবার, ৭ জুন ২০২২ঃ
শুক্রবারই এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জেলায় যুগ্ম ভাবে প্রথম এবং রাজ্যে যুগ্ম ভাবে অষ্টম স্থান অধিকার করেছে সুরভী চট্টোপাধ্যায়। সুরভীর প্রাপ্ত নম্বর ৬৮৬। সুরভী রঘুনাথপুর গার্লস হাইস্কুলের ছাত্রী। তার বাড়িও রঘুনাথপুরে। সুরভীর ফলাফলে গর্বিত জেলাবাসী। আজ তার কৃতিত্বকে সম্মান জানাতে সোজাসুজি সুরভীর বাড়ি পৌঁছলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। এদিন সুজয় বাবু রঘুনাথপুরে সুরভীর বাড়িতে গিয়ে তার সাফল্যের জন্য তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন। মনিষীদের জীবনী গ্রন্থ, উপহার সহ সুরভীকে আশির্বাদ করে ভবিষ্যতে আরো বড় সাফল্যেরও কামনা করেন সভাধিপতি। এদিন সুজয় বাবু মিষ্টির প্যাকেট নিয়েও পৌঁছন সুরভীদের বাড়িতে। নিজের হাতে তাকে মিষ্টি খাইয়ে দিয়েছেন। সুজয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রঘুনাথপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না চক্রবর্তী।
শেয়ার করুন