নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, শুক্রবার, ১০ জুন ২০২২ঃ

জেলায় দ্বিতীয় এবং রাজ্যে দশম স্থান পেল পুঞ্চা ব্লকের নপাড়া হাইস্কুল (এইচ এস) – এর ছাত্রী রিয়াঙ্কা মাহাত। আজই সকালের দিকে রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কলা বিভাগের ছাত্রী রিয়াঙ্কার প্রাপ্ত নম্বর ৪৮৯ (৯৭.৮ শতাংশ)। কেন্দা থানার পানিপাথরে বাড়ি রিয়াঙ্কাদের। বাবা সুনীল চন্দ্র মাহাত বড়গোড়িয়া হাইস্কুলের শিক্ষক। মা কবিতা মাহাত আই সি ডি এস কর্মী। জানা গিয়েছে ছোট থেকেই রিয়াঙ্কা বিভিন্ন বিদ্যালয়ের হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। নপাড়া হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পড়ার সময় সে থেকেছে স্থানীয় মেসে। ফলাফলের বিষয়ে কথা বলতে গিয়ে রিয়াঙ্কার অকপট জবাব, আশা করেইছিলাম ৯০ শতাংশের বেশি পাব। তবে বোর্ডে স্থান পাবে সেকথা ভাবেনি সে। দশম হয়ে খুবই খুশি রিয়াঙ্কা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাম্য বিপ্লব মাহাত বলেন, বিগত পাঁচ-ছ’ বছর ধরে আমাদের স্কুলের সার্বিক ফল জেলার মধ্যে সবচেয়ে ভাল হচ্ছে। পাশের হার, প্রথম বিভাগে উত্তীর্ণ বা ৯০ শতাংশের বেশি নম্বর নিয়ে উত্তীর্ণর সংখ্যাও আমাদের স্কুলে অনেক বেশি থাকে প্রতি বছর। তবে এ যাবৎ বোর্ডে কখনো স্থান হয়নি বলে একটা আক্ষেপ ছিল। এবার সেটা পূরণ হয়েছে। তিনি আরো বলেন, আশা করছি আগামী দিনে এই ধারা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

You cannot copy content of this page