নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ঃ

দীর্ঘ ১২ বছর মাও আতঙ্কে বন্ধ ছিল বন দপ্তরের বলরামপুর রেঞ্জের ঘাটবেড়া বীট অফিস। দপ্তরের বলরামপুর রেঞ্জের অযোধ্যা পাহাড় সংলগ্ন সেই কার্যালয়ের বন্ধ দরজা আজ আবার খোলা হল। এদিন একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়ের মূল ফটকের সামনে ফিতে কেটে পুনরায় এটির সূচনা করেন ডি এফ ও দেবাশিস শর্মা। ছিলেন বলরামপুর বিডিও শুভাশিস ঘোষ, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল, সি এস সি মানস রঞ্জন ভট্ট, বলরামপুর বন দফতরের আধিকারিক সুবিনয় পান্ডা সহ অন্যান্যরা। স্থানীয় বন বিভাগের এক সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালের ২০ জুলাই রাতে রবি হেমব্রম নামে এক বনকর্মী মাওবাদীদের হাতে নির্মমভাবে আক্রান্ত হন। পরে তাঁর মৃত্যুও হয়। এরপরই আতঙ্কে এবং বনকর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করেই ঘাটবেড়া বীট অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দপ্তর। আজ পুনরায় এটির সূচনা হওয়ায় বন দপ্তরের কাজে বিশেষ গতি আসবে বলে দাবি করেছেন দপ্তর ও প্রশাসনের আধিকারিকেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page