নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শুক্রবার, ১৭ জুন ২০২২ঃ

তুনতুড়ি-সুইসা অঞ্চলের নেতাজী সুভাষ আশ্রমে আজ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তথা প্রয়াত ফঃবঃ নেতা শশীভূষণ মাহাতর ৩২ তম প্রয়ান দিবস পালন করল ফরওয়ার্ড ব্লক। এদিন নেতাজী আশ্রমের প্রয়াত নেতার সমাধিস্থলের এই অনুষ্ঠানের পাশাপাশি একটি চিন্তন শিবিরের আয়োজনও করে ফঃবঃ। এদিন অনুষ্ঠানের শুরুতে শশীভূষণ মাহাতর আবক্ষ মূর্তিতে প্রয়াত নেতার পরিবারের সদস্যরা ছাড়াও মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন জয়পুর বিধানসভার প্রাক্তন ফঃবঃ বিধায়ক ধীরেন্দ্রনাথ মাহাত সহ দলের অঞ্চল ও ব্লক নেতৃত্ব।

নেতাজী আশ্রমের সভাকক্ষে এদিন চিন্তন শিবিরে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক তথা দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ধীরেন্দ্রনাথ মাহাত ও যুব লিগের রাজ্য কমিটির সভাপতি দেবরঞ্জন মাহাত বলেন, কৃষক স্বার্থ দলের আন্দোলনে চিরদিনই প্রাধান্য পেয়েছে। নেতাজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে পুনরায় ঘুরে দাঁড়ানোর সময় উপস্থিত। বর্তমান প্রজন্মকেও দলের বিভিন্ন জনমুখী কর্মসূচিতে অংশগ্রহন করতে দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন বক্তারা। তাঁরা উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের আহ্বান করে এদিন বলেন, ৬-এর দশকের গোড়ায় স্বর্গীয় শশীভূষণ মাহাত যেভাবে আন্দোলনকে সংগঠিত করেছেন, সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে হবে। শিবিরে উপস্থিত ছিলেন দলের অঞ্চল ও ব্লক নেতৃত্ব সহ জেলা সম্পাদক মন্ডলীর সদস্যরাও।

শেয়ার করুন

You cannot copy content of this page