নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১৭ জুন ২০২২ঃ
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী পুরুলিয়াবাসীর ঘরে-ঘরে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবাকে বাস্তবায়িত করতে এবার নড়েচড়ে বসল পুরুলিয়া জেলা পরিষদ। আজ সেই কাজে দ্রুত অগ্রগতি আনতে মানবাজার ছুটে গেলেন সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। জেলা পরিষদের এক সূত্রে জানা গিয়েছে, আগামী ৯ মাসের মধ্যে এই প্রকল্পের অধীন জেলার ৪৬৮ টি গ্রামের গ্রামবাসীদের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে জেলা পরিষদ। উদ্দেশ্য, ২০৪৫ সালের মধ্যে ৮ লক্ষ ১৩ হাজার জেলাবাসীর কাছে পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে বর্তমান প্রকল্পের অধীন পরিকল্পনা রয়েছে জেলা পরিষদের। প্রকল্পের পরিকল্পনা যাতে সঠিকভাবে বাস্তবায়িত করা যায়, সেদিক চিন্তা করেই এদিন মানবাজার-১ ব্লকের জামদা গ্রামের জলাধারের কাছে জলপ্রকল্পের কাজের অগ্রগতির সরেজমিনে পরিদর্শন করেন সভাধিপতি। এদিন সুজয় বাবু প্রকল্পের কাজের বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিশদে আলোচনা করেন ও অগ্রগতির রূপরেখারও নির্দেশ দেন বলে জানা গিয়েছে।



