নিজস্ব সংবাদদাতা, মানবাজার, শুক্রবার, ১৭ জুন ২০২২ঃ
মানবাজার সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোগে মানবাজার ১ নম্বর বিডিও অফিসের সেমিনার হলে আয়োজিত হল একটি আলোচনা সভা। শিক্ষাক্ষেত্রের শ্রী বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত এই সচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি “মেটাভার্স” (থ্রি ডি ডিজিটাল) পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজারের মহকুমা শাসক শুভজিৎ বসু, মানবাজার মহকুমার আরক্ষ আধিকারিক বরুণ বৈদ্য, মানবাজার মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোজিৎ বসু, বিব্রত বিশ্বাস, মাননীয় জয়ন্ত দত্ত, মানবাজার ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি, মানবাজার সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধ্যক্ষ অরিত্রম চট্টোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী বিভিন্ন উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী।
এদিন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের এবং বিভিন্ন অতিথিদের হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোভের মাধ্যমে আমাদের চেনা গণ্ডির বাইরে জগতকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে চাক্ষুষ করানো হয়। প্রতিষ্ঠানের এই ধারাবাহিক প্রয়াসকে সকলেই সাধুবাদ জানান। অধ্যক্ষ অরিত্রম চট্টোপাধ্যায় জানান, আগামী দিনে মানবাজার শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে ছাত্র সমাজ এবং যুব সমাজের অবক্ষয়কে রুখে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে একটি সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হবে।




