নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ২১ জুন ২০২২ঃ
আগামী ২১ জুলাই কলকাতায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন ও সম্মেলন। রাজ্যজুড়ে বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকদের সমবেত করে সম্মেলনে নিয়ে যাওয়ার প্রস্তুতিও তাই শুরু করে দিল দলের নেতৃত্ব স্থানীয়রা। আজ, মঙ্গলবার নিজের হাতে রঙ-তুলি নিয়ে সেই প্রস্তুতি শুরু করলেন জেলার তৃণমূল নেতা তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের বিধানসভা এলাকা পুরুলিয়া থেকে ২১শে জুলাই-এর সম্মেলনে যোগ দেওয়ার ডাক দিয়ে দেওয়াল লিখলেন তিনি। সুজয় বাবুর এই কাজের মধ্য দিয়েই জেলাতে ২১ জুলাই-এর প্রচার শুরু হয়ে গেল বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।




