নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার ২২ জুন ২০২২ঃ
দীর্ঘ সময় পর বুধবার বন্ধ তালা খুলল বলরামপুর পঞ্চায়েত উপস্বাস্থ্যকেন্দ্রের দ্বিতলার কক্ষের। বলরামপুর গ্রাম পঞ্চায়েত ও বলরামপুর ডেইলি মার্কেটের সংলগ্ন এই উপস্বাস্থ্যকেন্দ্রটির এমনিতে বেহাল দশা। অবশ্য কাজ হয় নিয়মিতই। নিচের তলায় চিকিৎসা হলেও ওপরের তলা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তালা বন্ধ ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক এএনএম বলেন, তিনি এই কেন্দ্রে রয়েছেন প্রায় ৮ বছর হল। তিনি এখানে এসে অবধি ওপর তলা তালা বন্ধই দেখছেন। জানা গিয়েছে ওপর তলার কক্ষটি মূলত কেন্দ্রের সেকেন্ড এএনএমদের কাজের সুবিধার জন্য অ্যালোট করা হয়েছিল একসময়।
প্রসঙ্গত গতকাল, মঙ্গলবার বলরামপুর ডেইলি মার্কেট পরিদর্শনে এসেছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, মেন্টর অঘোর হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ হলধর মাহাত, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল, বলরামপুর বিডিও এবং জয়েন্ট বিডিও। ডেইলি মার্কেট ঘুরে দেখার পর তাঁরা ঢুকে পড়েন উপস্বাস্থ্যকেন্দ্রে। কথা প্রসঙ্গে এএনএমদের কাছে ওপর তলার তালা বন্ধ পরিস্থিতির কথা জানতে পারেন। তখনই পঞ্চায়েত প্রধান কল্যাণী সিং সর্দার ও উপপ্রধান কবিতা কুমারকে ওপর তলা ব্যবহারের জন্য বন্ধ তালা খুলে দেওয়ার নির্দেশ দেন। সেইমতো প্রধান ও উপপ্রধান আজ কেন্দ্রের এএনএমদের উপস্থিতিতে ওপর তলার তালা খোলার ব্যবস্থা করেন। পঞ্চায়েতের পক্ষে দীর্ঘ দিন বন্ধ ওপর তলার কক্ষ পরিস্কার করে ব্যবহারের উপযোগী করে তোলা হবে বলে জানান প্রধান কল্যাণী সিং সর্দার। উপপ্রধান কবিতা কুমার বলেন, উর্ধতন কর্তৃপক্ষের কোন অনুমতি আগে পাওয়া যায় নি বলে তালা খোলা হয়নি। মঙ্গলবার সেই অনুমতি পেয়ে ওপর তলাটি খোলার ব্যবস্থা করেছি।



