নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বুধবার, ২২ জুন ২০২২ঃ

ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে দলের জয় নিয়ে তিনি একশো শতাংশ আশাবাদী। আজ, বুধবার ঝালদায় প্রার্থীর হয়ে প্রচারে এসে একথা জানালেন তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। প্রসঙ্গত, আগামী ২৬ জুন ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন। লড়াইয়ে অংশগ্রহনকারী দলগুলি ইতিমধ্যেই ভোট প্রচারে একে অপরকে টেক্কা দিতে মাঠে নেমে গিয়েছে। তৃণমূল প্রার্থী জগন্নাথ রজকের সমর্থনে এদিন প্রচারে এসে জেলা তৃণমূল সভাপতি ২ নম্বর ওয়ার্ডে একটি মিছিল করার পাশাপাশি ওয়ার্ডের ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও প্রার্থীর হয়ে প্রচার সারলেন। এদিন এই উপনির্বাচন সম্পর্কে বলতে গিয়ে তাঁর বক্তব্য, এই অকাল নির্বাচন কখনোই কাঙ্খিত নয়। সকলেই জানেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর শূন্য আসনে নির্বাচন হচ্ছে। তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার এদিন দাবি, তৃণমূলও নিহত কাউন্সিলরের পরিবারের পাশে রয়েছে। তিনি ও তাঁর দলও চাইছে প্রকৃত খুনিরা ধরা পড়ুক ও তাদের উপযুক্ত শাস্তি হোক বলে এদিন তাঁর বক্তব্যে জানান সৌমেন বেলথরিয়া। বুধবার দলীয় প্রার্থীর হয়ে ভোট প্রচারে উপস্থিত ছিলেন দলের মহিলা সভানেত্রী নিয়তি সিং মুড়া, আইএনটিটিইউসি-র জেলা সভাপতি উজ্জ্বল কুমার, জেলা যুব সভাপতি মেঘদূৎ মাহত, জেলা সাধারণ সম্পাদক সাধন ব্যানার্জি, সুরেশ আগরওয়াল, ঝালদা শহর সভাপতি দেবাশিস সেন, যুব সভাপতি রাজেশ রায়, ঝালদা শহর মহিলা সভানেত্রী শ্যামলী দত্ত সহ অন্যান্যরা।

শেয়ার করুন

You cannot copy content of this page