নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ঃ
নিয়োগের দাবিতে আজ ধর্ণায় বসলেন জমিদাতারা। ঘটনা নিতুড়িয়া ব্লকের রায়বাঁধ অঞ্চলের ভিড়িঙ্গিতে। এখানে সাঁওতালডি থার্মাল পাওয়ার স্টেশন বা এসটিপিএস-এর নতুন ইনটেক পাম্প হাউসের অপারেশন বিভাগে অনৈতিকভাবে একই পরিবারের ৮ জনকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। অবস্থানকারীদের দাবি, বিগত কয়েক বছরে এই পাম্প হাউসের অপারেশন বিভাগে একই পরিবারের ৭ জন কর্মী অনৈতিকভাবে নিয়োগ করা হয়। গত মে মাসের শেষ দিকে এক কর্মীর বয়স ৬০ পেরিয়ে যায়। তাঁর জায়গায় অন্য কর্মী নিয়োগের বিষয়টি যেন জমিদাতাদের সঙ্গে আলোচনা করেই করা হয়, তেমন আবেদন জানিয়ে কর্তৃপক্ষকে চিঠি দেন জমিদাতারা। কিন্তু পরে তাঁরা জানতে পারেন, ৬০ উত্তীর্ণ ওই কর্মীর জায়গায় ওই একই পরিবারের অন্যজনকে কাজে বহাল করা হয়েছে।
এদিন অবস্থানকারীদের বক্তব্য, নতুন ইনটেক পাম্প হাউস নির্মাণের সময় তাঁরাও জমি দিয়েছেন। কাজে অগ্রাধিকার তাই তাঁদেরও রয়েছে। এদিন এই বিষয়ে জি এম এসটিপিএস-কে একটি লিখিত আবেদনও করেন। এর আগে বিষয়টিতে আলোকপাত করে তিনবার কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলেও এদিন বিক্ষোভকারী জমিদাতাদের দাবি। দ্রুত বিষয়টির সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও এদিন জানান তাঁরা।







