নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ঃ

বলরামপুর বাঁশগড় হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার চূড়ান্ত বেহাল পরিস্থিতি। হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার হাল ফেরানোর দাবি নিয়ে আজ হাসপাতাল কর্তৃপক্ষকে ডেপুটেশন দিল এসইউসিআইসি-র পুরুলিয়া জেলা কমিটি। মূলত, দ্রুত হাসপাতালে যথেষ্ট সংখ্যায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন রোগের ওষুধ সরবরাহ নিশ্চিত করা, রোগ পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতির বন্দোবস্ত করা, রোগীর পরিজনদের জন্য হাসপাতাল চত্বরে পানীয় জলের ব্যবস্থা করা সহ প্রায় ১০ দফা দাবি নিয়ে এদিন দাবিসনদ পেশ করা হয় বলে সংগঠনের তরফে জানা গিয়েছে। এদিন হাসপাতালে উপস্থিত দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রঙ্গলাল কুমার, দীপক কুমার, রাজেশ কুমাররা জানান, বলরামপুর ব্লক সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যেরও বহু মানুষ চিকিৎসার বিষয়ে বাঁশগড় হাসপাতালের উপর নির্ভরশীল। কিন্তু বিভাগীয় উদাসীনতায় দীর্ঘদিন ধরে বেহাল পরিস্থিতি এই হাসপাতালের। পরিকাঠামোগত ত্রুটি তো রয়েছেই, এমনকি হাসপাতাল চত্বরের ন্যুনতম পরিচ্ছন্নতার বিষয়টিতেও চূড়ান্ত গাফিলতি রয়েছে কর্তৃপক্ষের। অবিলম্বে এই সমস্ত বিষয়গুলিতে সদর্থক পদক্ষেপ না নেওয়া হলে এরপর আমরা বৃহত্তর আন্দোলনে যাব, বলছেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্যরা।

শেয়ার করুন

You cannot copy content of this page