নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২৪ জুন ২০২২ঃ
পুরুলিয়া-টাটা ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে জনগণের কাজে বাধা সৃষ্টি করার কারনে টামনা থানার দামদা ও কাঁড়ামারা গ্রামের প্রায় চল্লিশ জন গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ। ঘটনা বুধবারের। টামনা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওইদিন সকাল ৯ টা নাগাদ সংশ্লিষ্ট থানার কর্তব্যরত টহলদারি পুলিশের কাছে খবর আসে আর টি আই সংক্রান্ত বিষয়ের অভিযোগে কাঁড়ামারা ও দামদা গ্রামের বাসিন্দারা পুরুলিয়া-টাটা ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে টামনা থানার এ এস আই জগন্নাথ রক্ষিতের নেতৃত্বে টহলদারি পুলিশ কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ সূত্রে খবর, অবরোধের জেরে রাস্তার দুদিকে বিপুল সংখ্যক যানবাহন ও পথচারীরা আটকে পড়েছেন বলে দেখতে পায় পুলিশ। পুলিশের দাবি, অবরোধের জেরে ওইদিন চূড়ান্ত নাকাল হতে হয় বিপুল সংখ্যক যানবাহনের যাত্রী সহ পথচারীদের। এমনকি অবরোধের ফলে অ্যাম্বুলেন্সের রোগীও আটকে পড়েন বলে পুলিশের অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছে টামনা থানার টহলদারি পুলিশ দল বিক্ষোভকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করারও চেষ্টা করে। তবে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে প্রায় দু ঘন্টা অবরোধ জারি রাখে বিক্ষোভকারীরা বলে দাবি পুলিশের। প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি, যানবাহন ও পথচারীদের আটকে তাদের কাজে বাধাদান, বেআইনী ভাবে জমায়েত সহ একাধিক ধারায় বুধবার টামনা থানার এ এস আই জগন্নাথ রক্ষিত টামনা থানায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, কাঁড়ামারা ও দামদা গ্রামের ৯ জন বাসিন্দার নাম সহ নাম না জানা আরো প্রায় ৪০ জন গ্রামবাসীদের বিরুদ্ধে ওইদিন অভিযোগ জমা পড়েছে। ঘটনার আইনানুগ পদক্ষেপ শুরু করেছে টামনা থানার পুলিশ।
শেয়ার করুন