নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২৪ জুন ২০২২ঃ

বিধানসভার চলতি অধিবেশনে বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে বাঘমুন্ডির মুখোশ গ্রাম হিসেবে বিখ্যাত চড়িদাকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রাজ্যের পর্যটন মন্ত্রীর উদ্দেশ্যে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত চড়িদার বিষয়ে প্রস্তাব দেন বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, পর্যটকদের অধিক পরিমাণে আকর্ষণ করতে পুরুলিয়া জেলার অন্যতম পর্যটন স্থল তথা মুখোশ শিল্পের জন্য বিশ্বখ্যাত বাঘমুন্ডির চড়িদাকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার বিষয়ে রাজ্য সরকার কোন পরিকল্পনা নিয়েছে বা নিচ্ছে কি না, বিধায়ক এদিন বিধানসভায় সরাসরি এই প্রশ্ন করেন। বিধানসভা সূত্রে খবর, উত্তরে পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, রাজ্যজুড়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নে বিষদ পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বিধানসভা সূত্রে আরো জানা গিয়েছে, চড়িদার বিষয়ে জেলা প্রশাসনের মাধ্যমে দপ্তরে আবেদন করা হলে তা গুরুত্ব সহকারে বিচার করা হবে বলে মন্ত্রী বিধায়কের প্রশ্নের উত্তরে জানিয়েছেন ।

বাঘমুন্ডির বিধায়ক ঐ দিন এলাকায় হোম -স্টে এর সংখ্যা বাড়ানোর বিষয়ে বিশেষ ক্যাম্প বা প্রচারের মাধ্যমে স্থানীয়দের আরো উৎসাহিত করার বিষয়েও  পরিকল্পনার কথা জানতে চান ।  বিধায়কের প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রী জানান ২০১৭-১৮ আর্থিক বর্ষ থেকেই রাজ্য সরকার পর্যটন স্থলগুলিতে হোম-স্টে-এর বিষয়ে জোর দিয়েছে। আগামী ৬ মাসের মধ্যে দেশের মধ্যে হোম-স্টে-এর বিষয়ে রাজ্য এক নম্বরে পৌঁছবে বলেও বৃহস্পতিবার জানিয়েছেন পর্যটন মন্ত্রী।

শেয়ার করুন

You cannot copy content of this page