নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ২৬ জুন ২০২২ঃ
“আসুন আমরা সবাই মাদক সেবন বন্ধ করি ও পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই, গড়ে তুলি সুশীল সমাজ” এই বার্তা নিয়ে আজ পুরুলিয়া জেলা পুলিশ গোটা জেলাজুড়ে পদযাত্রা করল। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে রবিবার পুরুলিয়া, বলরামপুর, পাড়া, নিতুড়িয়া সহ সর্বত্রই পদযাত্রা, মাদক বিরোধী সচেতনতা প্রচার, রক্তদান শিবির ইত্যাদি নানান কর্মসূচি গ্রহন করা হয়।
এদিন পাড়াতে সচেতনতা পদযাত্রার পাশাপাশি একটি রক্তদান শিবিরের আয়োজন করে পাড়া থানার পুলিশ। পুলিশ কর্মী সহ মোট ৩৫ জন স্বেচ্ছা রক্তদান করেছেন। পাড়া থানার ওসি রাণা ভকত নিজেও এদিন স্বেচ্ছা রক্তদান করেন। এদিন বলরামপুর থানার পুলিশ থানা থেকে পুলিশের একটি পদযাত্রা মাদক সেবন থেকে বিরত থেকে এবং বর্তমান যুব সমাজকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গোটা বলরামপুর শহর পরিক্রমা করে। একই চিত্র এদিন ধরা পড়েছে নিতুড়িয়ায়। নিতুড়িয়া থানার পুলিশ রবিবার মাদক বিরোধী সচেতনতার বার্তা নিয়ে পারবেলিয়া থেকে সরবড়ি পঞ্চকোট কলেজ পর্যন্ত পদযাত্রা করে।










