নিজস্ব সংবাদদাতা, ঝালদা, সোমবার, ২৭ জুন ২০২২ঃ
ঝালদায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের।আজ সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও রেল পুলিশ সুত্রে জানা যায় মৃতের নাম লক্ষীচরন মাহাত, বয়স প্রায় ১৭। ঝালদা থানার পাটুব গ্রামের বাসিন্দা। মাড়ু-মসিনার বানসা হাই স্কুলের ছাত্র ছিল লক্ষিচরন। থাকতো ঝালদা-গোলা রোডের রেল ফটকের অদূরে একটি ছাত্রাবাসে। নিয়মিত প্রাতঃভ্রমনের অভ্যেস ছিল তার। অন্য দিনের মত আজও প্রাতঃ ভ্রমনে বেরোয় সে। পরে গোলা রোডের রেল ফটক ও ঝালদা রেল স্টেশনের মাঝে রেল লাইন থেকে তার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে রেল পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান রেল লাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

