নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, সোমবার, ২৭ জুন ২০২২ঃ
গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার শিরকাবাদ সংলগ্ন ডি- টাঁড় এলাকার একটি জঙ্গলে।পরিবারের লোক ও বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিনয় নন্দী। বয়স আনুমানিক ২৮ বছর, বাড়ি বলরামপুর থানার পাঁড়দ্দা গ্রামে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, আজই ওই যুবক বাড়ি থেকে বার হয়। তারপর না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করে। পরে শিরকাবাদ গ্রাম সংলগ্ন ডি- টাঁড় এলাকার একটি জঙ্গলে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার সত্যতা খুঁজতে জোর তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।
