নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, সোমবার, ২৭ জুন ২০২২ঃ

পুরুলিয়ার রুখা মাটিতে আপেল চাষ! শুনতে যতই অবাক লাগুক ঘটনাটা বাস্তবে ঘটিয়েছেন বাঘমুন্ডি ব্লকের সুইসা-তুনতুড়ি পঞ্চায়েতের তুনতুড়ি গ্রামের বাসিন্দা সর্বেশ্বর কুইরি। এমনকি তাঁর এই আপেলের ফলন সরেজমিনে দেখে গিয়েছেন বাঘমুন্ডির সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ সহ ব্লকের কর্মীদের একাংশও। পুরুলিয়ার মাটিতে এমন তাজ্জব ঘটনার বাস্তব চিত্র দেখে চক্ষু ছানাবড়া ব্লকের কর্মীদের।

সর্বেশ্বর বাবুর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তাঁর ছেলে কাশ্মীর থেকে দুটি আপেল গাছের চারা এনে দিয়েছিলেন তাঁকে। সেই দুটি চারাগাছ জমিতে লাগিয়ে রীতিমত দেখভাল শুরু করেন। নিয়ম মেনে, যত্ন করে চারা দুটিকে বড় ক’রে তোলেন সর্বেশ্বর বাবু। তাঁর সেই পরিশ্রমের ফলও পেয়েছেন। বড় হতেই গাছ দুটিতে ফল (আপেল) ধরতে শুরু করে বলে জানান তিনি। গত বছর ১৫-২০ কেজি আপেল ফলেছিল। এবার তার থেকেও বেশি ফলন হয়েছে বলে জানান সর্বেশ্বর কুইরি। আপেল চাষের সঠিক পদ্ধতি অবলম্বন করলে এবং যত্ন সহকারে চাষ করলে পুরুলিয়ার মাটিতেও যে আপেলের চাষ করা যাবে, নিজের অভিজ্ঞতা থেকেই এমন বিশ্বাসই এখন তাঁর মধ্যে দৃঢ় হয়েছে, জানাচ্ছেন তুনতুড়ির এই বৃদ্ধ মানুষটি।

শেয়ার করুন

You cannot copy content of this page