নিজস্ব সংবাদদাতা, ঝালদা, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ঃ
আজ, মঙ্গলবার ঝালদা শহরে অবস্থান বিক্ষোভ ও সত্যাগ্রহ কর্মসূচি পালন করল ঝালদা-১ নম্বর ব্লক কংগ্রেস কমিটি। মূলত সেনা বাহিনীতে অগ্নিপথ যোজনার ঘোষণা, জিজ্ঞাসাবাদের আড়ালে রাহুল গান্ধীকে হেনস্থা, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয়ে প্রতিবাদ জানিয়ে এদিন ঝালদা-১ নম্বর ব্লক কংগ্রেস কমিটি এই কর্মসূচি নেয়। এদিন দলের সত্যাগ্রহ কর্মসূচিতে নিজের বক্তব্যে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত সাম্প্রতিক দ্রব্যমূল্য বৃদ্ধি ও সেনা নিয়োগে অগ্নিপথ যোজনার তীব্র বিরোধিতা করে একপ্রকার তুলোধুনো করেছেন কেন্দ্রের বিজেপি সরকারকে। তিনি বলেন, অগ্নিপথ যোজনার ফলে দেশের তরুণ-তরুণীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিতে চায় কেন্দ্রের বিজেপি সরকার।
একইসঙ্গে এদিন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষকদের বদলি সংক্রান্ত রাজ্য সরকারের নীতিরও তীব্র সমালোচনা করেন নেপাল বাবু। তিনি বলেন, কংগ্রেসের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে জেলার প্রার্থীদের জেলাতেই চাকরি দিতে হবে। এই দাবি নিয়ে জেলার শিক্ষক পদপ্রার্থীদের জেলাজুড়ে পদযাত্রা করারও এদিন আহ্বান জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি। এমনকি জেলাজুড়ে সাম্প্রতিক শিক্ষক বদলির গোটা বিষয়টির বিরুদ্ধে সি বি আই তদন্তের দাবি নিয়ে আদালতে যাওয়ারও এদিন হুঁশিয়ারি দেন নেপাল মাহাত। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে প্রায় দু ঘন্টা সত্যাগ্রহ কর্মসূচি পালন করেন ঝালদার কংগ্রেস কর্মী-সমর্থকরা।

