নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ঃ
এক গর্ভবতী মহিলাকে মারধরের অভিযোগ উঠল পুরুলিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিমটাঁড়ে। গতকাল, বুধবার আহত ওই গর্ভবতী মহিলার স্বামী তথা নিমটাঁড়ের বাসিন্দা সৌরভ বিশ্বাস স্থানীয় গায়ত্রী রক্ষিত, লক্ষী রক্ষিত এবং রত্না রক্ষিতের বিরুদ্ধে পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিবরণে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ সৌরভ বাবুর স্ত্রী নেহা বিশ্বাস পৌরসভার পানীয় জল সরবরাহের কল থেকে জল আনতে গিয়েছিলেন। সেখানে জল নেওয়াকে কেন্দ্র করে গায়ত্রী রক্ষিতের সঙ্গে নেহা দেবীর বচসা হয়। পরে গায়ত্রী রক্ষিত আরো দুই সঙ্গী, লক্ষী রক্ষিত এবং রত্না রক্ষিতকে নিয়ে সৌরভ বাবুর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী নেহার উপর চড়াও হন এবং এলোপাথাড়ি সারা শরীরে ঘুষি, লাথি মারতে থাকেন। সৌরভ বাবুর দাবি, তাঁর স্ত্রী নেহা বিশ্বাস বর্তমানে সন্তান সম্ভবা। অভিযোগ, ওই তিন মহিলা নেহা দেবীকে মারার সময় চিৎকার করে বলছিলেন, “আজ তোকে আর তোর ওই সন্তান দুজনকেই মেরে ফেলব”। মারের চোটে আহত নেহা বিশ্বাসকে চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সৌরভ বাবুর দাবি, বর্তমানে তাঁর গর্ভবতী স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গোটা বিষয়টি জানিয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন সৌরভ বিশ্বাস।
শেয়ার করুন