নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ঃ
প্রশাসনের উদ্যোগে পুঞ্চা কিষাণ মান্ডিতে আজ সূচনা হল দ্বি-দিবসীয় হুল দিবস পালন অনুষ্ঠান। এদিন হুল বিদ্রোহের বীর শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারাণী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ার জেলা শাসক রজত নন্দা সহ প্রশাসনিক আধিকারিক ও পদাধিকারীরা। অনুষ্ঠান চলবে আগামীকাল বিকেল পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন এসডিও মানবাজার, বিডিও পুঞ্চা, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ সাহা বাবি ও গুরুপদ টুডু, শান্তিরাম মাহাত প্রমুখরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ভাগ্যবতী টুডু।
দুদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন দলের সমবেত পাতা নাচ, জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের তালিকাভুক্ত লোকশিল্পীদের সাংস্কৃতিক উপস্থাপনা, পুরুষ ও মহিলা কন্ঠ শিল্পীদের গান, বিভিন্ন নাট্য গোষ্ঠীর নাটক সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।







