নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শনিবার, ২ জুলাই ২০২২ঃ
জেলার প্রত্যন্ত এলাকার মানুষকে আরো উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে জেলাতে ১২৪ টি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র খোলা হচ্ছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। যার মধ্যে বাঘমুন্ডিতে খোলা হচ্ছে মোট ২২ টি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র। আজ, শনিবারই ৭ টি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র চালু করা হল। এই ব্লকের সিন্দরী অঞ্চলের তোড়াং, সেরেংডি অঞ্চলের উত্তমডি এবং সুইসা-তুনতুড়ি অঞ্চলের তিরুলডির তিনটি নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত নিজে। তিনি এদিন জানান, এতদিন এই ব্লকের প্রায় দেড় লক্ষ জনগণের জন্য মাত্র ২৪ টি উপস্বাস্থ্য কেন্দ্র উপলব্ধ ছিল। মানুষকে আরো উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে তাই রাজ্য সরকার তথা জেলা স্বাস্থ্য দপ্তর আরো ২২ টি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র এই ব্লকে চালু করছে। এদিন কেন্দ্রগুলির উদ্বোধনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও এবং বিএমওএইচ।




