নিজস্ব সংবাদদাতা , বলরামপুর
১২ আগস্ট , ২০২০
বিদ্যুৎ সরবরাহের কাজে যুক্ত কর্মীদের মাস্ক,স্যানিটাইজার প্রদান সহ একগুচ্ছ দাবিতে ডেপুটেশন দিল তৃণমূল প্রভাবিত ট্রেড ইউনিয়ন। ডেপুটেশন এর পূর্বে অফিসের গেটে একটি অনুষ্ঠানও করে বিদ্যুৎ সরবরাহ সংস্থার কর্মীদের শাসক দল প্রভাবিত ওই সংগঠন।
বুধবার দুপুরে বলরামপুর সাপ্লাই অফিসের গেটের সামনে ওই অনুষ্টানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাত, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হলধর মাহাত,মেঘদূত মাহাত, সংগঠনের জেলা সম্পাদক কাঞ্চন মুখার্জি সহ শাসক দলের বেশ কিছু নেতা কর্মী। বিদ্যুৎ দফতরের ঠিকাদার অধীনস্থ কর্মীদের কয়েকজনের বেতন লকডাউনে কেটে নেওয়া হয়েছিল, এই অভিযোগ নিয়েও সোচ্চার হন সংগঠনের নেতারা। সংগঠনের পক্ষে কাঞ্চন মুখার্জি বলেন, কয়েকজন ঠিকাদারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিযোগ সহ কোভিড পরিস্থিতিতে কর্মচারীদের মধ্যে যাতে মাস্ক,স্যানিটাইজার ইত্যাদি প্রদান করা হয়, সেই বিষয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে। শাসক দলের সংগঠনের পাশে থাকার আশ্বাস দিয়ে আধিকারিক-কর্মীদের মধ্যে যাতে কাজের সুষ্ঠু পরিবেশ বজায় থাকে তার আবেদন জানান৷ প্রয়োজনে বিষয়টি বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের গোচরে আনবেন বলেও জানিয়েছেন মন্ত্রী। সংগঠনের পক্ষে হারাধন পান্ডে বলেন, ২০ জন অসংগঠিত কর্মী এদিন মন্ত্রী শান্তিরাম মাহাতর হাতে দলের ঝান্ডা ধরে আমাদের সংগঠনের সংগে যুক্ত হয়েছেন।

