নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ৬ জুলাই ২০২২ঃ

পুরুলিয়ায় আবার ভয়ঙ্কর ভাবে বাড়ছে কোভিড-১৯। সোম ও মঙ্গলবার, দু’ দিনে পুরুলিয়াতে ২৯ জনের দেহে নতুন করে করোনা সংক্রমণ পজিটিভ পাওয়া গিয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। যার মধ্যে কেবলমাত্র মঙ্গলবারই ২০ জন নতুন করে সংক্রমণের শিকার। আরো জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত পুরুলিয়াতে মোট অ্যাক্টিভ করোনা পজিটিভ ৪৮ জন। যা নিয়ে স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের কপালেও চিন্তার ভাঁজ। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর থেকে পুরুলিয়াবাসীকে পুনরায় কোভিড বিধি মেনে চলার বার্তা দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আরটিপিসিআর এবং আরএটি দু’ভাবেই করোনা পরীক্ষা চলছে। সোমবার ২১৫ জনের করোনা পরীক্ষা করে ৯ জনের দেহে সংক্রমণ পজিটিভ (৩.৭২ শতাংশ) পাওয়া গিয়েছে। মঙ্গলবার ৩০৯ জনের করোনা পরীক্ষা করে ২০ জনের শরীরে (৬.৮০ শতাংশ) করোনা পজিটিভ ধরা পড়ে। যা থেকে পুরুলিয়াতে সংক্রমণের গতি দ্রুততার সঙ্গে উর্ধমুখী বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। যে আশঙ্কা করে দু’দিন আগেই পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এম এস ভি পি সুকমল বিষয়ী সরাসরি পুরুলিয়াবাসীকে পুনরায় কঠোরভাবে করোনা বিধি মেনে চলার বার্তা দিয়েছেন। গত সপ্তাহে জেলাজুড়ে রথের মেলায় বিপুল জন সমাগমের ফলেই আচমকা এই উর্ধগতি গ্রাফ বলে স্বাস্থ্য দফতরের কেউ কেউ মনে করছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page